ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী এলাকায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই বাস পরিবহনের কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মুকুন্দগাতী এলাকার বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযানকালে বেলকুচি থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় এসআই পরিবহন ও জেনিন পরিবহনের টিকিট মাস্টারদের বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় যেসব যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিল, তাদেরকে সেই অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।
পাশাপাশি বাস কাউন্টারগুলোকে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন এবং ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার বেশি অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষা ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com