রাজধানীর মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ উপলক্ষে কয়েকদিন একটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের অনুশীলন ম্যাচ হবে। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ৯ জুন, দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ ১৪ জুন অনুষ্ঠিত হবে।
এ কারণে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়ক সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
এ সময়ে মিরপুর-১গামী সব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। বিকল্প পথ হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাঁহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সর্বসাধারণ ও যানবাহন চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com