আহছানুল আমীন জর্জ , খুলনা ব্যুরো প্রধান : খুলনা নগরীকে পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শ্রেণি–পেশার মানুষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ৪ জুন বৃহস্পতিবার সকালে নগরীর ময়লাপোতা মোড়ে আয়োজিত মানববন্ধন, সাইকেল র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় সংরক্ষণ, নিরাপদ যাতায়াত এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
‘ইনস্পায়ার্ড বাই নেচার—ফর ক্লাইমেট, ফর আওয়ার ফিউচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি সিটি ফোরামের উদ্যোগে বেলা, সিয়াম, একটিভ সিটিজেন প্ল্যাটফর্ম, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র তাপপ্রবাহ, সুপেয় পানির সংকট, বন্যা, জলোচ্ছ্বাস ও জীববৈচিত্র্যের ক্ষয় পরিবেশগত সংকটকে আরও গভীর করছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত আন্দোলন গড়ে তোলাই সময়ের দাবি।
হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী ও সাংবাদিকেরা অংশ নেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com