কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির আয়োজনে পৌর শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন শেষে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নেতা খাইরুজ্জামান, আব্দুল হালিম, এলাকাবাসী রেজওয়ানুল ইসলাম, ওয়াদুদ মিয়া ও হামিদুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে পৌরসভার হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে ৩.২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য ২০১৯ সালে অর্থ বরাদ্দ হয়। কিন্তু কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের কিছু অসৎ কর্মকর্তা ও কর্মচারীর স্বার্থসংশ্লিষ্ট জটিলতায় দীর্ঘদিন থেকে কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারনে জরুরী মহুর্তে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয়। স্কুল-কলেজ গামী শিক্ষার্থীদেরও দাঁড়িয়ে থাকতে হয়। কয়েকমাস পূর্বে যানজটের কারনে এ্যাম্বুলেন্সেই এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী সেতুর সাথে দ্রুত যোগাযোগ মাধ্যম হচ্ছে এই সড়ক। কিন্তু যানজটের কারনে এর সুবিধা পুরোপুরি পাচ্ছে না সাধারন মানুষ ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা আরও বলেন, সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে দ্রুততম সময়ে রাস্তার নতুন নকশা প্রণয়ন, ভূমি অধিগ্রহন এবং বিশেষ বাজেট প্রণয়ন নিশ্চিত করে জরুরী ভিত্তিতে বাইপাস সড়ক নির্মানের দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ বাইপাস সড়কের দাবীতে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। #
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com