আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ লক্ষ্যে পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর সভাপতিত্বে এক বিশেষ অপরাধ সভা ৩ জুন বুধবার অনুষ্ঠিত হয়। সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার পর কেএমপি, র্যাব-৬ এবং খুলনায় অবস্থানরত বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিটের সমন্বয়ে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি খুলনা জেলা পুলিশ, ৩ এপিবিএন খুলনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেবেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যৌথ অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে খুলনায় স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com