বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে সমর্থন দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে সরকার।
বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার।
ইভো ক্রজনার জানান, সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে আলোচনা করতে আইএমএফ কর্মকর্তারা সরকারের সংস্কার পরিকল্পনা ও নীতিগত অগ্রাধিকার পর্যালোচনা করছেন।
তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)-এর আওতায় চলমান কর্মসূচিগুলো কঠিন সময়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করেছে। তবে এরপর দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং সরকারকে এখন আরও জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
আইএমএফের মতে, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং রাজস্ব আহরণের নিম্ন হার দেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
বিবৃতিতে বলা হয়, সরকারের নতুন আবেদনের ফলে এমন একটি সম্ভাব্য কর্মসূচি প্রণয়নের সুযোগ তৈরি হয়েছে, যা বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে নতুন সরকারের অগ্রাধিকার ও লক্ষ্যকে প্রতিফলিত করবে।
তবে আইএমএফ স্পষ্ট করেছে, যেকোনো নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশের বৈদেশিক লেনদেনের চাহিদা, শক্তিশালী নীতিগত অঙ্গীকার এবং একটি বিশ্বাসযোগ্য সংস্কার কর্মসূচির ভিত্তিতে গড়ে উঠতে হবে। এছাড়া এটি আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
এদিকে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সরকারের সঙ্গে নীতিগত আলোচনা এগিয়ে নিতে শিগগিরই আইএমএফের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে। সফরের পরবর্তী পর্যায়ে সম্ভাব্য নতুন কর্মসূচির আকার, অর্থায়নের পরিমাণ এবং সংস্কার-সংক্রান্ত শর্তাবলি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।
আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা জোরদার, সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টায় সংস্থাটি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com