আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বিভিন্ন সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
সোমবার (১ জুন) খুলনা প্রেসক্লাবের আলহাজ লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদ খুলনা উক্ত সভার আয়োজন করে।
‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. তারিকুল ইসলাম জহির।
মনিরুজ্জামান মনি বলেন, দেশের স্বাধীনতা, রাষ্ট্র পুনর্গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, সাহসিকতা, দেশপ্রেম ও দূরদর্শিতার কথাও উল্লেখ করেন তিনি।
বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গও তুলে ধরেন মনিরুজ্জামান মনি। তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com