আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দরুইনস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল মাঠে অনুষ্ঠিত হয়েছে কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান (পি.পি.), আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, আখাউড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার খান, কসবা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুম খান এবং বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. মহসিন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন কবীর আহমেদ ভূঁইয়ার পিতা, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ফজলুর রহমান ভূঁইয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কসবা, আখাউড়াসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবকদের যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়াচর্চার প্রসার জরুরি।”
তিনি আরও বলেন, কসবা ও আখাউড়া উপজেলায় পৃথক দুটি মিনি স্টেডিয়াম অনুমোদনের উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০১টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
কবীর আহমেদ ভূঁইয়া ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন এবং খেলাটি সুশৃঙ্খলভাবে উপভোগ করায় উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলকে একটি মোটরসাইকেল পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ক্রীড়া চর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com