নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় সরকারি রাস্তার পাশের গাছ কেটে নিজ মালিকানাধীন স-মিলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাতে ঝড়ে রাস্তার পাশে পড়ে থাকা দুটি গাছ রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর যাওয়ার পথে সরকারি রাস্তার পাশ থেকে দুইটি ঘোড়ানিম গাছ কেটে নেওয়া হয়। পরে গাছগুলো আমজাদ হোসেনের মালিকানাধীন স-মিলে নিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি,দীর্ঘদিন ধরে রাস্তার পাশে থাকা গাছগুলো পথচারীদের ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। অথচ কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই গাছ কেটে নেওয়ার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ,সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্টদের নীরবতার সুযোগে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন বলেন,
আমি রাস্তার গাছ কাটার নির্দেশ দেইনি। আমার ব্যবসায়িক পার্টনার আশরাফ গাছগুলো কয়েকজনের কাছ থেকে কিনে স-মিলে এনে রেখেছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি সাংবাদিককে বলেন,আমার ইউনিয়নে থাকতে হলে আমার সঙ্গে লিয়াজোঁ করে চলতে হবে।” এছাড়াও তিনি সাংবাদিককে নওহাটা মোড়ে দেখা করার কথাও বলেন।
এ বিষয়ে আমজাদ হোসেনের ব্যবসায়িক পার্টনার মোঃ আশরাফ আলী বলেন,
আমজাদ ভাই আমাকে গাছ কেটে নিয়ে আসতে বলেছেন। কার কাছ থেকে গাছ কেনা হয়েছে তা আমি জানি না। তার নির্দেশেই শ্রমিক দিয়ে গাছগুলো কেটে স-মিলে এনে রাখা হয়েছে।
অন্যদিকে ১০ নং ভীমপুর ইউনিয়ন যুবদলের নেতা ইরশাদ হোসেন বলেন,
গাছগুলো রাস্তার পাশে পড়ে ছিল। আমাদের একজন সদস্য মিন্টু হয়তো সেগুলো বিক্রি করেছেন। বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, না, বন বিভাগকে জানানো হয়নি।
মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ রবিউল আলম বুলেট বলেন,
বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি দলের নাম ব্যবহার করে আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
মহাদেবপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট অফিসার মোঃ খাইরুল ইসলাম বলেন,
বিষয়টি আমাকে কেউ জানায়নি। সরকারি নিয়ম না মেনে কেউ রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন বিভাগের কোনো সম্পদ কাউকে উইল করে দেওয়ার সুযোগ নেই। তিনি আরও জানান,অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com