ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. দবিরুল ইসলামের জানাজায় অংশ নিতে কারাগার থেকে সাত ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তার ছেলে ও একই আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজন।
শনিবার (৩০ মে) দুপুরে দিনাজপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ডাঙ্গী বাজারে পৌঁছান মাজহারুল ইসলাম। বাবার শেষ বিদায়ে অংশ নিতে তাকে এই সাময়িক মুক্তি দেওয়া হয়।
কারা ও পারিবারিক সূত্র জানায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়সীমার মধ্যে মাজহারুল ইসলাম সুজনকে পুনরায় দিনাজপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। দীর্ঘদিন পর সাবেক এই সংসদ সদস্যকে এলাকায় দেখার জন্য মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের জনতার ঢল নামে।
পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। তার মৃত্যুতে বালিয়াডাঙ্গীসহ পুরো ঠাকুরগাঁও জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে বাবার জানাজায় অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কারাবন্দী রয়েছেন। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিকেল চারটায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১। প্রাথমিকভাবে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হলেও পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর থেকে তিনি দিনাজপুর কারাগারে বন্দী রয়েছেন।
আজ প্রবীণ এই নেতার শেষ বিদায়ে শোকাহত স্বজন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বালিয়াডাঙ্গীতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com