ঢাকা : ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ : কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনায় এবারও দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে মসজিদ উত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি। ইতোমধ্যে ধানমন্ডি ও এর আশেপাশের এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। কোরবানির দ্বিতীয় দিনের দুপুর পর্যন্ত ৯৫০টির অধিক গরুর চামড়া এবং ৮০০টির অধিক ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে। পরে সরকারিভাবে প্রাপ্ত লবণ ব্যবহার করে মসজিদ কমপ্লেক্সে সেগুলো সংরক্ষণ করা হয়।
মসজিদ উত তাকওয়া সোসাইটির সহকারী সেক্রেটারি ও কোরবানি উপ-কমিটির আহ্বায়ক হাসান সহিদ সিদ্দিকী বলেন, গত বছর সংরক্ষিত কোরবানির পশুর চামড়া সর্বোচ্চ দামে বিক্রি করতে সক্ষম হয়েছিল মসজিদ উত তাকওয়া। সেই অভিজ্ঞতার আলোকে এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, চামড়া সংগ্রহ কার্যক্রম পরিচালনায় ৬৫ জন ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১০টি ভ্যানরিকশার মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করা হচ্ছে। মসজিদ কমিটি প্রফেশনাল জনবল দিয়ে চামড়াগুলো পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণ করছে। পাশাপাশি মসজিদ কমিটির পরিচালক পরিষদের সদস্যরা এবং মসজিদের খাদিমগণ উপস্থিত থেকে ভলান্টিয়ারদের উৎসাহ প্রদান করছেন।
হাসান সহিদ সিদ্দিকী আরও বলেন, “কোরবানির চামড়া আমাদের জাতীয় সম্পদ। এতে এতিমের হক জড়িয়ে আছে। তাই চামড়া সংগ্রহ ও যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল। এবারও আমরা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”
তিনি সরকারিভাবে বিনামূল্যে ১৫ মেট্রিক টন উন্নতমানের লবণ প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এতে চামড়া সংরক্ষণ কার্যক্রম অনেক সহজ হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com