পৃথিবীর বহু দেশে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তবে বাংলাদেশে ঈদ উদযাপন হবে আগামীকাল। ঈদুল আজহা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাঈল (আ.) এর ত্যাগ ও আত্মসমর্পণের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।
ইসলামি বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ তায়ালা হযরত ইব্রাহীম (আ.) কে ৮৬ বছর বয়সে তাঁর স্ত্রী হাজেরার গর্ভে প্রথম সন্তান হযরত ইসমাঈল (আ.) এর সুসংবাদ দান করেন। তবে পুত্র লাভের পর হযরত ইব্রাহীম (আ.) কে মহান আল্লাহ তায়ালা এক কঠিন পরীক্ষায় ফেলেন। স্বপ্নে তাঁকে সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘদিন পর পাওয়া একমাত্র সন্তান হযরত ইসমাঈল (আ.) ছিলেন তাঁর কাছে সবচেয়ে প্রিয় ও মূল্যবান।
আল্লাহর নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে হযরত ইব্রাহীম (আ.) তাঁর পুত্রকে নিয়ে কোরবানির জন্য প্রস্তুত হন। পুত্র হযরত ইসমাঈল (আ.) ও ছিলেন আদর্শ সন্তান; তিনি কোনো দ্বিধা ছাড়াই আল্লাহর নির্দেশ পালনে রাজি হন। অবশেষে কোরবানির মুহূর্তে মহান আল্লাহ তায়ালা ইসমাঈল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন। সুরা সাফফাতের ১০৩ ও ১০৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘অবশেষে যখন পিতা-পুত্র উভয়ে আল্লাহর কাছে নিজেদেরকে সোপর্দ করল এবং ইব্রাহিম তার পুত্রকে উপুড় করে শুইয়ে দিলেন জবেহ করার জন্য। আমি তাকে (ইসমাইল) মুক্ত করলাম এক কোরবানির বিনিময়ে।’
পিতা-পুত্রের এ আত্মত্যাগ আল্লাহর দরবারে এতটাই গ্রহণযোগ্য হয়েছিল যে, আল্লাহতায়ালা পরবর্তী সব উম্মতের মধ্যে তা স্মরণীয়-বরণীয় করে রাখলেন। কুরআনে বলা হয়েছে, ‘আর আমরা ভবিষ্যতের উম্মতের মধ্যে ইব্রাহিমের (আ.) এই সুন্নাতকে স্মরণীয় করে রাখলাম। (সুরা সাফ্ফাত, আয়াত-১০৮)।’
কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে, মনের পশুত্বকে জবাই করা। মহিমান্বিত এই ইবাদতটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার অন্যতম শর্তই হচ্ছে তাকওয়া বা একনিষ্ঠতা।
যার বর্ণনা পবিত্র কালামে এসেছে এভাবে, ‘আপনি তাদেরকে আদমের দুই পুত্রের ঘটনাটি ঠিকভাবে শুনিয়ে দিন তা হচ্ছে এই যে, যখন তারা দুজনে কোরবানি পেশ করল তখন তাদের একজনের কোরবানি কবুল হলো, অন্যজনের কোরবানি কবুল হল না। তখন সে তার ভাইকে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। সে উত্তরে বললো, আল্লাহ তো মুত্তাকিনদের কোরবানিই কবুল করেন (সূরা মায়িদা, আয়াত-২৭ ও ২৮)।’
কোরবানি গ্রহণ হওয়ার মূল উপাদান তাকওয়া বা খোদাভিরুতা। কুরআনে এরশাদ করেছেন, ‘আল্লাহর দরবারে কোরবানির গোশত ও রক্ত কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া (সূরা হজ, আয়াত-৩৭)।’
আল্লাহ তায়ালা আমাদের সকলকে কোরবানিসহ সব ইবাদত একনিষ্ঠভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com