খেলোয়াড়ি জীবনে সাঈদ আনোয়ার ছিলেন অবিশ্বাস্য রকমের জনপ্রিয়। অবশ্য কারণও ছিল। ব্যাট হাতে বিশ্বসেরা বোলারদের ওপর চড়াও হতে তার জুড়ি মেলা ভার ছিল। তবে ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া করুণ ঘটনার পর ক্যারিয়ারের মধ্য গগনেই ক্রিকেট ছেড়ে নিভৃতে চলে যান তিনি, নিজেকে উৎসর্গ করেন ইসলাম ধর্ম চর্চা ও প্রচারে। তবে এক দশকেরও বেশি আগে ক্রিকেট থেকে নির্বাসনে যাওয়া এই ওপেনারকে এখনও ভুলতে পারেনি ক্রিকেটবিশ্ব।
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে বদলে গেছে সাঈদ আনোয়ারের জীবন। প্রচারের আলো থেকে দূরে থাকা এবং ধর্মীয় দাওয়াতি কাজে বেশি সময় দেওয়ার কারণে আনোয়ারকে খুব কমই গণমাধ্যমে দেখা যায়। মাঝে মধ্যে তার কিছু ছবি প্রকাশ্যে এলে নস্টালজিক হয়ে পড়েন শূন্য দশকের ক্রিকেটভক্তরা। সাবেক এই পাকিস্তানি তারকা সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। মক্কায় পবিত্র হজ পালনকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু বিরল ছবি ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন গায়ক ও টেলিভিশন উপস্থাপক ফখর-ই-আলম। সেখানে আনোয়ারকে পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এবং মিসবাহ-উল-হকের সঙ্গে ধর্মীয় সমাবেশ ও দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে দেখা যায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার জানিয়েছে , ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হক ও ফখর-ই-আলম এ বছর একসঙ্গেই হজ পালন করছেন এবং পবিত্র সফরের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন। অলিম্পিক স্বর্ণজয়ী আরশাদ নাদীমও বর্তমানে মক্কায় হজ পালন করছেন। ফলে এ বছর হজে অংশ নেওয়া বিশিষ্ট পাকিস্তানি ব্যক্তিত্বদের তালিকায় তার নামও যুক্ত হয়েছে।
উল্লেখ্য, ৫৭ বছর বয়সী সাঈদ আনোয়ার ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার ছিলেন। তিনি ২৪৭টি ম্যাচে ৩৯.২১ গড়ে করেছেন ৮,৮২৪ রান। এর মধ্যে রয়েছে ৪৩টি ফিফটি ও ২০টি সেঞ্চুরি। ভারতের বিপক্ষে তার খেলা ১৯৪ রানের ইনিংসটি দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ইনিংস হিসেবে রেকর্ড হয়ে ছিল ।
ভারতের বিপক্ষে ওয়ানডেতে ২ হাজারের বেশি রান করা পাকিস্তানি ব্যাটারদের মধ্যে ইনজামাম-উল-হকের পর দ্বিতীয় স্থানে আছেন সাঈদ আনোয়ার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তিনি করেছেন আটটি ফিফটি ও চারটি সেঞ্চুরি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com