ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় ঐতিহ্যবাহী ঝলমলিয়া পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল (টোল) আদায় করা হচ্ছে কিনা, তা যাচাই করতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। আজ (সোমবার) হাট চলাকালীন এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দায়িত্বরত কর্মকর্তা শিবু দাশ হাটের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং হাসিল আদায়ের মূল রশিদ বই পরীক্ষা করেন। একই সাথে হাটে আসা দূর-দূরান্তের পশু ক্রেতাদের সাথে সরাসরি কথা বলে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কিনা—সে বিষয়ে খোঁজখবর নেন। অভিযান শেষে হাট ইজারাদার ও টোল আদায়কারীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারি নির্ধারিত হারের চেয়ে এক টাকাও বেশি হাসিল আদায় করা যাবে না। যদি কোনো ক্রেতার কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়, তবে ইজারাদারদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তারা জানান, নিয়মিত এমন তদারকি থাকলে হাটে এসে সাধারণ মানুষ হয়রানি ও অতিরিক্ত খরচের হাত থেকে রক্ষা পাবে। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com