আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে ওমর ফারুক রাব্বি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ঘেরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এব্যাপারে কেএমপি'র দৌলতপুর জোনের সহকারী কমিশনার ( এসি,দৌলতপুর জোন) মোঃ শফিকুল ইসলাম তরঙ্গ নিউজ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, এমুহূর্তে কারণ বলা যাচ্ছে না, তবে ঘটনার তদন্ত চলছে , ২/১ দিন পরে হয়তো বলা যাবে।
নিহত ওমর ফারুক রাব্বি খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার ইব্রাহিম শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোস্তর মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদুল ইসলাম বলেন, মরদেহের মাথা ও বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে পরে মরদেহ ঘেরে ফেলে রেখে যায়। তিনি আরও বলেন, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com