ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না এবং সেগুলো ইরানেই থাকবে বলে নির্দেশ জারি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দুজন ঊর্ধ্বতন ইরানি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্য দিয়ে শান্তি আলোচনায় ইরানের ইউরেনিয়াম দেশটির বাইরে নিয়ে যাওয়ার যে প্রধান প্রস্তাব যুক্তরাষ্ট্রের ছিল, তার বিরুদ্ধে তেহরানের অবস্থান আরও কঠোর হলো।
রয়টার্স বলছে, মোজতবা খামেনির এই নির্দেশনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও হতাশ করতে পারে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ করার আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। ইসরায়েলি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ট্রাম্প ইসরায়েলকে আশ্বাস দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ইরান থেকে বাইরে পাঠিয়ে দেয়া হবে এবং যেকোনো শান্তি চুক্তিতে এ বিষয়ে একটি ধারা অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
ইসরায়েল, যুক্তরাষ্ট্রের পাশাপাশি পশ্চিমা রাষ্ট্রগুলোও দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার জন্য অভিযুক্ত করে আসছে। এর মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়ামকে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার পদক্ষেপ, যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। এছাড়া এটি পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি। যদিও পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার কথা বরাবরই অস্বীকার করে আসছে তেহরান।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, তেহরান তার প্রক্সি মিলিশিয়াদের প্রতি সমর্থন বন্ধ এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নির্মূল না করা পর্যন্ত তিনি এই যুদ্ধকে শেষ হয়েছে বলে মনে করবেন না।
বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে দুজন ইরানি সূত্রের মধ্যে একজন বলেন, ‘সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় মহলের ঐকমত্য হলো, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যেন দেশ থেকে বাইরে না যায়।’ সূত্রগুলো জানায়, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করেন, এই উপাদান বিদেশে পাঠালে দেশটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মুখে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত বলেও জানান তারা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com