আরফান আলী, শেরপুর: ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লাও উপস্থিত ছিলেন। তিনি কোনো বক্তব্য না দিয়ে অঝোরে কাঁদেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক। এ সময় বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন এবং এলাকাবাসীর পক্ষে কাজী মাসুমসহ অনেকে।
বক্তারা বলেন, রামিসার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, মূল অভিযুক্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাই সরকারের নির্বাহী ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে ঢাকার জিরো পয়েন্টে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।
এছাড়া হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, হত্যাকাণ্ড ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, ভুক্তভোগীর পরিবার বিচার নিয়ে হতাশা প্রকাশ করলেও রাষ্ট্রকে তার বিচারিক সক্ষমতা প্রমাণ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এমন নৃশংস ঘটনার শিকার না হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com