ঘোড়াঘাট(দিনাজপুরপ্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলাম সহ স্বাস্থ্য কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হাসান মেহেদীর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, হাসপাতালের কর্মচারীর অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,“চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। রোগীর জীবন রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সামান্য ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের মতো অতি স্পর্শকাতর ও মানবিক স্থানে হামলা, ভাঙচুর কিংবা চিকিৎসকদের ওপর অসদাচরণ কোনোভাবেই কাম্য নয়।
এধরনের ঘটনা শুধু চিকিৎসা ব্যবস্থাকেই ব্যাহত করে না, বরং সাধারণ রোগীদের নিরাপত্তা ও সেবা প্রাপ্তিকেও হুমকির মুখে ফেলে। তাই হাসপাতালের নিরাপদ পরিবেশ বজায় রাখতে এবং চিকিৎসকদের নির্বিঘ্নে দায়িত্ব পালনের স্বার্থে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে হবে।”
বক্তারা আরও বলেন, “চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালিয়ে চরম ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। হামলাকারীরা দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামের ওপর শারীরিকভাবে হামলা চালিয়ে তাকে মারধর করে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহতিরিমা সানি,মেডিকেল অফিসার মো. আহসান হাবীব, মেডিকেল অফিসার হোমিও শামীম হোসেন মাসুম,ইপিআই আজিজুল হক, স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তীসহ অনেকে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com