কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শহরে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আকন্দ'র নেতৃত্বে, আজ দুপুর ১টার দিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া পৌর সভার সহযোগিতায় শহরের এন এস রোড, থানা মোড়ে লেপ তোষকের দোকান এলাকা ও ইসলামিয়া কলেজ মার্কেট গলি সংলগ্ন এলাকায় অবৈধ ফুটপাত দখলমুক্ত উচ্ছেদ ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। মার্কেটের ভেতরের দোকানের মালমাল দোকানের ভেতরে রাখার জন্য জরুরি নির্দেশনা প্রদান ও ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়।
এসময় ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আকন্দ জানান, ভবিষ্যতে ফুটপাত দখলে নেবে না মর্মে ৪ জন দোকান মালিকের মুচলেকা নেওয়া হয়েছে। ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পথ চলতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
এদিকে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরের শৃঙ্খলা ও যানজট নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com