কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া পশুহাটে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে বালিয়াপাড়া পশু হাটে জেলা প্রশাসনের সমন্বয়ে র্যাব ও পুলিশ বাহিনীর একটি যৌথটিম এ অভিযানে অংশ নেয়। অভিযান পরিচালনাকালে তারা, অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। অভিযান চলাকালে হাটে গরু ও অন্যান্য পশু কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত টাকার অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া যায়।
এ সময় ইজারাদার প্রতিনিধি ও আদায়কারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান অর্থদণ্ড আরোপ করেন। সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে অতিরিক্ত অর্থ আদায়ের অপরাধে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় একটি মামলায় ২০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়।পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এছাড়া স্থানীয় প্রশাসন জানায়, সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান এর নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
এদিকে অভিযানের সময় হাটে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত হারের বাইরে কোনো ধরনের অতিরিক্ত টাকা আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও জেলার বিভিন্ন পশুহাটে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com