প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ এর গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুমোদিত এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সিনিয়র শিক্ষক নাজমা আক্তার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন ডা. মউদুদুর রহমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং পূর্ণাঙ্গ গভর্নিং কমিটি গঠনের লক্ষ্যে এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর সংসদীয় আসন হওয়ায় ঢাকা-১৭ এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ বিবেচনায় আব্দুর রহমান সানী বর্তমানে ওই এলাকার জনগণের সমস্যা সমাধান ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সমন্বয়কের ভূমিকা পালন করছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com