কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা৷
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য দপ্তরে সংগঠন দুটির নেতাকর্মীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকদিনের আশা ছিলো নিজ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক উপাচার্য হবেন, এবার সেই আশা পূরণ হয়েছে৷ স্যারকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি, তিনি অত্যন্ত সুদক্ষ। আশাকরি তিনি বিশ্ববিদ্যালয়ের সকল মতাদর্শের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে একটি সুন্দর, আধুনিক ক্যাম্পাস বিনির্মাণ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবহন, খাবার সমস্যা সহ সকল সমস্যায় তিনি নেতৃত্ব দিয়ে সুন্দর সমাধান আনবেন, ওনার সকল কাজে আমরা শাখা ছাত্রদল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভলান্টিয়ার হিসেবে কাজ করবো। আবারও স্যারকে অভিনন্দন ও শুভকামনা জানাতে চাই। '
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে স্যার যেভাবে কাজ করেছেন, তাতে আমরা আশাবাদী যে তিনি তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান করবেন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে যে-কোনো প্রয়োজনে ছাত্রশিবির সহযোগিতা করবে ইনশাল্লাহ।'
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. এম এম শরীফুল করীমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com