ফ্রান্সে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে সংক্ষিপ্ত ব্যবসায়িক সফরে প্যারিস আগমন উপলক্ষে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি–র সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়াকে গতকাল ১৩ মে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবর্ধনা প্রদান করা হয়। প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনকে ঘিরে পুরো প্যারিসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও ফ্রান্স যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুর রেজা তুহিন এবং ব্যবসায়ী কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এম এ তাহের, সাবেক সাধারণ সম্পাদক, ফ্রান্স বিএনপি মাহবুব আলম রাঙ্গা, সাবেক সহ-সভাপতি, ফ্রান্স বিএনপি জুনায়েদ আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ফ্রান্স বিএনপি এসএম মিল্টন সরকার, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কবির আহমেদ, ব্যবসায়ী ও ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা আরমান সোহেল, ব্যবসায়ী ও ফ্রান্স বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিলন, ব্যবসায়ী ও ফ্রান্স বিএনপি নেতা নাজির উদ্দিন যশরী, ব্যবসায়ী ও ফ্রান্স বিএনপি নেতা মোহাম্মদ হাবিব, ব্যবসায়ী মো. কামরুল হাসান, ব্যবসায়ী এছাড়া ফ্রান্স যুবদলের সহ-সভাপতি মির্জা খালেদ, যুবদল নেতা সাইদুর রহমান নিজাম, তানজিরুল আবাস, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমানসহ ব্রাহ্মণবাড়িয়ার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধিত প্রধান অতিথি আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়া প্রবাসীদের প্রশংসা করে বলেন— “প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি। যেকোনো সংকটময় পরিস্থিতিতে আপনারা দেশকে সাহস, শ্রম ও সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে আমি আপনাদের সঙ্গে একযোগে কাজ করতে চাই।”
তিনি ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ব্রাহ্মণবাড়িয়ার ভাবমূর্তি উন্নয়নের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
তার বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়া প্রবাসীদের জীবন ও কর্মক্ষেত্র সহজতর করতে সরকারের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।
তিনি বলেন বিদেশে কর্মরত অভিজ্ঞ সিনিয়র প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও নেটওয়ার্ক ব্যবহার করে সরকার আরও বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
প্রতিটি দেশের বাংলাদেশ হাইকমিশনকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন ও অন্যান্য সত্যায়ন দ্রুততম সময়ে প্রদান করতে হবে। বিদেশে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার সরকারি ব্যবস্থা আরও সম্প্রসারিত করতে হবে।
একসময় চালু থাকা প্যারিস–ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর দাবি জানান তিনি। এতে প্রবাসীরা উপকৃত হবেন, একই সঙ্গে সরকারও রাজস্ব আয় বাড়াতে পারবে এবং প্যারিশেবল পণ্য দ্রুত পরিবহন সম্ভব হবে। এতে রাজস্ব আয়ও বৃদ্ধি হবে।
তিনি আরও বলেন “প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যদি অভিজ্ঞ প্রবাসীদের সঙ্গে সমন্বয় করে কাজ করে, আগামী পাঁচ বছরে কমপক্ষে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং জনসংখ্যা সমস্যা শক্তিতে রূপান্তরিত হবে।”
একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে এখনই প্রবাসীদের বিনিয়োগ জরুরি। তিনি বলেন “বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
বিশেষ অতিথিগন তাদের বক্তব্যে বলেন, প্রবাসী কমিউনিটির ঐক্য, সংগঠনশক্তি ও সামাজিক অবদান দেশের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ। তারা আলহাজ্ব কবীর আহমেদ ভুঁইয়ার জনসেবামূলক কর্মকাণ্ড, দূরদর্শী নেতৃত্ব ও প্রবাসীদের প্রতি তার আন্তরিক অবস্থানকে বিশেষভাবে মূল্যায়ন করেন।
ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের নেতাকর্মীদের মিলনমেলা, সৌহার্দ্য, ঐক্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি প্রবাসীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনুষ্ঠানের শেষাংশে অতিথিদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com