ইয়ামিন হোসেন: ভোলার মনপুরা উপজেলায় হঠাৎ আকাশে রহস্যময় আলোর ঝলক দেখা যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মেঘনা নদীর উপর পশ্চিম-দক্ষিণ আকাশে কয়েক সেকেন্ডের জন্য জ্বলে উঠে অদ্ভুত ওই আলো।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই আকাশে উজ্জ্বল আলোর বিচ্ছুরণ দেখা যায়। মুহূর্তের মধ্যেই আলোটি ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, আবার কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আলোর ঝলকটি ছিল অনেকটা আগুনের গোলার মতো, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয়ে মিলিয়ে যায়। কেউ এটিকে মহাকাশীয় কোনো ঘটনা বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি উল্কাপিণ্ড কিংবা অন্য কোনো অস্বাভাবিক আলোর উৎস হতে পারে।
এদিকে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত রহস্যময় এ আলোর বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মনপুরার আকাশে দেখা যাওয়া এই রহস্যময় আলো নিয়ে স্থানীয়দের মধ্যে এখনো চলছে আলোচনা-সমালোচনা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com