ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও অধিনায়ক হিসেবে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে এখন বাংলাদেশের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। মাত্র ৩০ ইনিংসে ৫টি সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন শান্ত।
মিরপুর টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর মুমিনুল হকের সঙ্গে জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেন শান্ত।
ধীর-স্থির ও পরিকল্পিত ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আক্রমণাত্মক শট খেলেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে প্রথম, অধিনায়ক হিসেবে ৫ম এবং গত দুই বছরে চতুর্থ সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমেই নতুন ইতিহাস গড়লেন শান্ত।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে টেস্ট সেঞ্চুরির তালিকায় এরপর আছেন- মুশফিকুর রহিম (৬১ ইনিংসে ৪টি), মুমিনুল হক (৩১ ইনিংসে ৩টি), মাহমুদউল্লাহ (১২ ইনিংসে ২টি), মোহাম্মদ আশরাফুল (২৫ ইনিংসে ২টি), হাবিবুল বাশার (৩৫ ইনিংসে ১টি) এবং সাকিব আল হাসান (৩৬ ইনিংসে ১টি)।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com