এক কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের দুই যুগ আগের মামলায় আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।
ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিকের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ দিয়েছেন।
বিচার শুরু হওয়ার অপর দুই আসামি হলেন-মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। তিন আসামির মধ্যে মোশারফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দেন। তোফায়েক আহমেদসহ অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
চার্জগঠন ও পরোয়ানা জারির বিষয়টি দুদক প্রসিকিউটর মো. ইশতিয়াক হোসেন নিশ্চিত করেছেন।
এদিন প্রসিকিউটর ইশতিয়াক বলেন, আসামি তোফায়েল আহমেদসজ দুই আসামি পলাতক থাকায় তাদের পক্ষে শুনানি হয়নি।
এর আগে গত ৫ মে তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে বলেন, ‘তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না। “তার স্মৃতি শক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। তার মানসিক অসুস্থতা, স্মৃতিশক্তি লোপ পেয়েছে।” এজন্য তার মানসিক অবস্থা পরীক্ষার আদেশ হওয়া প্রয়োজন।’ তবে সেদিন আদালত এ নিয়ে কোনো আদেশ দেননি।
অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ‘তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট ১ কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।’
মামলাটি তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com