চৌধুরী নুপুর নাহার তাজ: দেশের কৃষিখাতকে আরও আধুনিক, টেকসই ও পুষ্টিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের খানসামায় অনুষ্ঠিত হলো “পাটনার কংগ্রেস-২০২৬”।
২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার)” প্রোগ্রামের আওতায় আয়োজিত এ কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি খাতকে টেকসই করতে হলে আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, “গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP) বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব, যা দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহমেদ খান ও মো. আল-মুক্তাদির এবং স্থানীয় কৃষক-কৃষাণীগণ।
কংগ্রেসে বক্তারা উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কৃষিকে শুধু উৎপাদনমুখী নয়, বরং পুষ্টিমুখী ও বাজারসংযুক্ত করতে হবে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন ছাড়া কৃষকের প্রকৃত লাভ নিশ্চিত করা সম্ভব নয় বলেও তারা মত দেন।
অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কৃষি উদ্যোক্তা তৈরির ওপর। তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং সহজ শর্তে ঋণ প্রদানের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, কৃষিকে লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে পারলে বেকারত্ব কমবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনশীল ফসলের জাত উদ্ভাবন, পানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। পাটনার প্রোগ্রামের মাধ্যমে এসব বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
কংগ্রেসে পাটনার প্রোগ্রামের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও সফলতার গল্পও তুলে ধরা হয়, যা উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
দিনাজপুরের কৃষি উন্নয়নকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, “পাটনার কংগ্রেস-২০২৬” থেকে প্রাপ্ত সুপারিশ ও দিকনির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com