সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে বনদস্যু দমনে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। রবিবার (০৩ মে) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করে জানান,স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবনে বনদস্যুর বিরুদ্ধে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার কোস্ট গার্ড, নৌ-বাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি যৌথ টহল পরিচালনা করা হয়। এছাড়াও, সুন্দরবনের সাথে সম্পৃক্ত ও এর উপর নির্ভরশীল ব্যক্তিদের মাঝে বনদস্যু সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনে ও আশপাশের নদী ও খালে টহল পূর্বের থেকে বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরো জানান, কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে গত এক বছরে করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ, দুলাভাই ও আসাবুর বাহিনী সহ বিভিন্ন দস্যু বাহিনীর সর্বমোট ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
এ সময় ৪৩ টি দেশী-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৮৬ রাউন্ড তাজা কার্তুজ, ২৯৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২ টি হাতবোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করাসহ ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, ৩৭ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে উদ্ধার করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com