ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য (এমপি) আগামীকাল রোববার (৩ মে) শপথ পাঠ করবেন। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন মনোনীত হন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও শনিবার বৈধ ঘোষণা করা হয়।
বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন যারা:
বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত ও জোট থেকে শপথ নেবেন যারা:
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু, প্রকৌশলী মারদিয়া মমতাজ, মেরিনা সুলতানা, মাহফুজা খানম, সাজেদা সামাদ এবং জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম।
এ ছাড়া জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে জোটের প্রার্থী হিসেবে শপথ নেবেন ডা. মাহমুদা মিতু (এনসিপি), তাসমিয়া প্রধান (জাগপা) এবং ইঞ্জিনিয়ার মাহবুবা করিম (বাংলাদেশ খেলাফত মজলিস)।
অপরদিকে, নিজেরাই ছয়টি আসন পাওয়ায় সংরক্ষিত নারী আসনে একটি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথমে তাদের প্রার্থী ছিলেন মনিরা শারমিন, পরে নুসরাত তাবাসসুমও প্রার্থী হন। সরকারি চাকরি করার তথ্য লুকানোর অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়। অন্যদিকে, দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের মনোনয়ন স্থগিত করা হয়। পরে হাইকোর্টের নির্দেশে শনিবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com