ইরানের তেলের লভ্যাংশকে বিদেশি মুদ্রায় রূপান্তর করে সামরিক কাজে ব্যবহারের অভিযোগে দেশটির তিনটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের (মানি এক্সচেঞ্জ) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। ওয়াশিংটনের দাবি, এই প্রতিষ্ঠানগুলো তেহরানকে তেল থেকে অর্জিত আয় এমন মুদ্রায় রূপান্তর করতে সহায়তা করছিল, যা ইরানি সামরিক বাহিনী ও তাদের আঞ্চলিক প্রক্সিরা সহজেই ব্যবহার করতে পারে।
আজ শনিবার (২ মে) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা তিনটি প্রতিষ্ঠান হলো- ওপাল এক্সচেঞ্জ, রাদীন এক্সচেঞ্জ ও তাহাইয়োরি গ্যারান্টি সোসাইটি। এই প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তাদের সহযোগীদেরও এখন থেকে মার্কিন আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিবৃতিতে জানিয়েছেন, এই পদক্ষেপ ইরানের আর্থিক নেটওয়ার্কগুলোকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে ওয়াশিংটনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। তিনি আরও বলেন, ইরান সরকারের অর্থ উৎপাদন, স্থানান্তর ও নিজ দেশে অর্থ ফিরিয়ে নেওয়ার সক্ষমতাকে নিরলসভাবে লক্ষ্যবস্তু বানাব।
এই নিষেধাজ্ঞার ফলে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে মার্কিন ব্যক্তি বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এই সব কোম্পানি বা তাদের সহযোগীদের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com