বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতিতে সরকার সব খাতে কর ছাড় বা সুবিধা দিতে পারবে না। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করা হবে। ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে সরকারকে, যা সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে।
মুক্তবাজার অর্থনীতির নীতিতে সরকার পরিচালিত হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সম্ভাবনাময় যে কোনো রপ্তানি খাতকে তৈরি পোশাকশিল্পের মতো সরকারি সহায়তা দেওয়া হবে। এ জন্য বন্ড সুবিধাসহ প্রয়োজনীয় অন্যান্য প্রণোদনাও দেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com