ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, মনিরা শারমিনের মনোনয়ন বাতিলই থাকছে।
এর আগে গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
মনিরা শারমিন ২০২৫ সালের ডিসেম্বরে কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেন। এর আগে ওই বছরের মার্চে তিনি এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার মাত্র ৫ মাসের মধ্যেই তিনি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন নেন।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন করা হয় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী। এই আইনের ২৯ ধারায় বলা আছে, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com