ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এমপি প্রার্থী ও ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছে। ২১ এপ্রিল ২০২৬ তারিখে প্রধান বন সংরক্ষকের দপ্তর থেকে জারি করা এক স্মারকে কুমিল্লা সামাজিক বন বিভাগকে এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
জানা গেছে, কবীর আহমেদ ভূঁইয়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে সম্বোধন করে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র প্রেরণ করেন। সেই আবেদনে তিনি কসবা ও আখাউড়া উপজেলায় জেলা বনায়ন ও নার্সারি প্রকল্পের আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের অনুরোধ জানান। মন্ত্রীর দপ্তর ৫ এপ্রিল ২০২৬ তারিখে সেই আবেদন গ্রহণ করে এবং পরবর্তী পদক্ষেপ নিতে প্রধান বন সংরক্ষকের দপ্তরকে নির্দেশ দেয়। সহকারী প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ইউছুপ স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় বন কর্মকর্তা, কুমিল্লা সামাজিক বন বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এলাকাবাসী জানান, কসবা ও আখাউড়া অঞ্চলে পরিকল্পিত বৃক্ষরোপণের তেমন কোনো কর্মসূচি এতদিন ছিল না। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্থানীয় মানুষের ফলমূল ও ঔষধি গাছের চাহিদা পূরণে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে ঔষধি গাছ রোপণের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যসেবায় একটি নতুন মাত্রা যোগ হবে বলে তাঁরা আশাবাদী।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ একটি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সুরক্ষা করে, অন্যদিকে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও সহায়তা করে। কবীর আহমেদ ভূঁইয়ার এই উদ্যোগ তাই শুধু রাজনৈতিক নয়, পরিবেশ সংরক্ষণেও একটি দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এলাকাবাসী বলছেন, কবীর আহমেদ ভূঁইয়া একের পর এক এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সেতু নির্মাণ, স্টেডিয়াম, পৌরসভা প্রস্তাব, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের পর এবার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি। তাঁর এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে তিনি শুধু দৃশ্যমান অবকাঠামো নয়, এলাকার পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবেন। তাঁরা আশা করছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কসবা ও আখাউড়ায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে এবং এই সবুজ উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
এসব গাছ রোপন করার জন্য যুব সমাজকে কাজে লাগানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। মন্ত্রণালয় সে বিষয়ে ইতিবাচক সারা দিয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com