হিমেল রানা, নোবিপ্রবি প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩ টায় নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, মামলা গ্রহণ, আইনগত ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয় থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সকল ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
গত ২৩ এপ্রিল শাহবাগ থানাস্থ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সেক্রেটারি মুদ্দাচ্ছির নাসিফ বলেন, শাহবাগ থানার মতো নিরাপত্তাবেষ্টিত স্থানে সাংবাদিকদের ওপর এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। জুলাইয়ের পূর্বে আমরা সহযোদ্ধা ছিলাম, সেই সহযোদ্ধাদের প্রতি এ ধরনের আচরণ ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ।
ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠন জুলাইয়ের অঙ্গীকারের আলোকে বিভাজন নয়, বরং নিরাপদ, এবং সহনশীল ক্যাম্পাস বিনির্মাণে মনোযোগী হবেন তিনি আশা ব্যক্ত করেন।
থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলাকে একটি বর্বরোচিত হামলা আখ্যা দিয়ে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম বলেন, স্বৈরাচারের আমলে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখতে পারতো না। শুধুমাত্র সাংবাদিক সমিতির ওপর ভর করে তারা দুই একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেতো। অথচ ক্ষমতায় আসার পর তারা প্রথমেই সেই সাংবাদিকদের ওপর হামলা করলো।
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি এই হামালার বিচার চেয়ে বলেন, প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের ওপর হামলার পরও প্রশাসনের নিরব ভূমিকায় ন্যায়বিচার নিয়ে শংকা তৈরি হচ্ছে। অপরাধী স্পষ্ট হলেও পুলিশ এখনো মামলা না নেওয়ায় প্রশাসনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে নোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সাদমান রাকিন বলেন, নোবিপ্রবিতে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে তাদের ন্যায্য দাবির সাথে আমরা পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, এমন আচরণের সাথে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।
উক্ত মানববন্ধনে নোবিপ্রবি সাংবাদিক সমিতি, প্রেসক্লাবের সদস্যসহ ক্যাম্পাসে কর্তব্যরত অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com