ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পৃথক দুই উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামের কৃষক আব্দুল হামিদ (৫০) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তিনি আব্দুল গফুরের ছেলে।
অন্যদিকে, একই দিনে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামে বজ্রপাতে কৃষক হাসান শেখ (৫০) নিহত হন। তিনি বিকেলে বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করছিলেন। বজ্রপাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আব্দুল হালিম শেখের ছেলে।
দুই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই দিনে দুই কৃষকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা এ সময় বজ্রপাতের সময় খোলা মাঠ ও ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com