আরফান আলী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। নিহত শিপন হাওলাদার বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়।
আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই গত বৃহস্পতিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরবর্তীতে দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মঙ্গলবার দুপুর ১টার দিকে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com