আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। কঠোর নিরাপত্তা ও প্রশাসনের তৎপরতায় প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন হলেও অনুপস্থিত ছিল ৩৬০ জন পরীক্ষার্থী।
খুলনা জেলা প্রশাসনের আইসিটি ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনায় এবার মোট ২৬ হাজার ৭০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে এসএসসিতে ২১ হাজার ৫১৭ জন, দাখিলে ৩ হাজার ৫৮২ জন এবং এসএসসি ভোকেশনালে ১ হাজার ৬০১ জন।
তবে প্রথম দিনে এসএসসিতে ১৬৬ জন, দাখিলে ১৫৯ জন এবং ভোকেশনালে ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। খুলনা জেলা ও মহানগরীর ৯৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসির বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৪ জন। সেই তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১৪ জন।
এর আগে ৭ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
সব মিলিয়ে, কঠোর নজরদারি ও প্রশাসনের কার্যকর পদক্ষেপে খুলনায় এসএসসি পরীক্ষার প্রথম দিনটি স্বস্তিদায়ক ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com