শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আড়িয়ল বিলেও আগাম পাকা ধান কাটার আধুনিক হারভেস্টার ও ধান মাড়াইয়ের যন্ত্রপাতির প্রয়োজনীয় জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় ধান চাষীরা। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই ক্ষেতের পাকা ধান কাটা শুরু করবেন। তারা ধান কাটার হারভেস্টার, রিপার ও ধান মাড়াই কাজে ব্যবহারকৃত অসংখ্য শ্যালো ইঞ্জিনের বোঙ্গা মেশিনের জ্বালানি তেলের সংকট নিয়ে।
স্থানীয় হাটবাজার গুলোতে ডিজেল পাওয়া যাচ্ছে না। যদিও ডিজেল মিলছে তাও অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ প্রান্তিক কৃষকের। চলতি বোরো মৌসুমে উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে আড়িয়ল বিলের শ্রীনগর অংশে ৫ হাজার হেক্টর জমিতে আগাম ধান চাষ করা হয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বির্স্তীণ আড়িয়ল বিলে সোনালী ফসল ঘরে তুলার উপযোগী হয়ে উঠেছে। বিশাল বিলে আধুনিক হারভেস্টার, রিপার মেশিনের পাশাপাশি হাজার হাজার কৃষি শ্রমিক কাজ করবেন। এনিয়ে আড়িয়ল বিল এলাকার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাট, বাড়ৈখালী, মদনখালী, আলমপুরসহ বিভিন্ন স্থানে কৃষক পরিবারগুলো ধান কাটার জন্য মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা ধানের ফলনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই অঞ্চলে ২৮ ও ২৯ জাতের ধান বেশী করা হয়েছে। সোনালী ফসল ঘরে তোলা স্বপ্ন বাস্তবায়নে বিভোর এখন কৃষক। তাই নানামুখী তৎপরতা তাদের। কিন্তু মধ্য প্রাচ্যের যুদ্ধে জ্বালানি সমস্যায় হোচট খাচ্ছেন। তারা বলছেন, প্রয়োজনীয় জ্বালানি তেলে না পাওয়া গেলে ধান কাটা ও মাড়াই কাজে চরম ভোগান্তি হবে।
আটপাড়া এলাকার আক্তার হোসেন নামে একজন বলেন, গত মঙ্গলবার স্থানীয় কয়েকটি বাজারে ডিজেল খুজে পাইনি। শ্রীনগর পাম্পে তেল ছিলানা। পরে হাঁসাড়া ও নিমতলা এলাকায় গিয়েও শুণ্য হাতে ফিরি। পরে বিকালের দিকে শ্রীনগর ছনবাড়ি পাম্পে তেল আসলে সংগ্রহ করি। একজন কৃষক ৫ লিটারের বেশী ডিজেল পাচ্ছেন না। কুকুটিয়ার হারুন শেখ বলেন, উপজেলার পূর্ব অঞ্চলের অধিকাংশ চকে ধানের শীষ এসেছে। আড়িয়ল বিলের তুলনায় এসব চকে প্রায় ১ মাস পরে ধান কাটা শুরু হয়। তাই এসময় ধানের জমিতে পানি সেচ খুবই জরুরী। এখানে ধানের অধিকাংশ ব্লকের সেচ ব্যবস্থা করা হয়েছে ডিজেল চালিত ইঞ্জিনে।
আড়িয়ল বিল এলাকার গাদিঘাটের মো. দেলোয়ার হোসেন জানান, আর এক সপ্তাহ পর ধান কাটা শুরু করবেন তারা। ৭/৮টি হারভেস্টার আসার অপেক্ষা করছে এই ব্লকে। প্রয়োজনীয় জ্বালানি ঠিকমত না পেলে হারভেস্টার চালানো সম্ভব হবেনা। এছাড়া ধান মাড়াই যন্ত্র (বোঙ্গা) সচল রাখতেও প্রচুর পরিমাণে ডিজেল লাগবে। তিনি বলেন, এনিয়ে দুশ্চিন্তায় পড়ছেন সংশ্লিষ্ট আধুনিক হারভেস্টার ও বোঙ্গার মালিকসহ সাধারণ কৃষকরা। ওই এলাকার মোয়াজ্জেম হোসেন, আবুল হোসেন, আসরাফ আলী, আমিন শেখ বলেন, ধানের আশানুরূপ ফলনের আশা করছেন। প্রতি কানি জমিতে (১৪০ শতাংশ) গড়ে ১০০ মণের অধিক ধান পাওয়ার স্বপ্ন দেখছেন তারা। সমপরিমাণ জমিতে ধান চাষে ব্যয় খরচ ধরা হচ্ছে ৫০-৬০ হাজার টাকা। তবে নিজের মালিকানা জমিতে এই ব্যয় খরচ প্রায় অর্ধেক হবে।
শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাঈন উদ্দীন সাআদ জানান, কয়েক দিনের মধ্যে আড়িয়ল বিলে ধান কাটা শুরু হবে। ফসল ঘরে তুলতে যেন কোন কৃষক ভোগান্তির শিকার না হন সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকের ধান কাটা ও মাড়াই কাজে ব্যবহারযোগ্য আধুনিক যন্ত্রপাতির সচত রাখতে জ্বালানি তেল সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আলোচনা চলমান আছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com