কুষ্টিয়া প্রতিনিধিঃ মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ও গাছের চারা বিতরণ করেছে কুষ্টিয়া জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের পাশাপাশি গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) পলাশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যক্ষ রুহুল আমিন, লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন জেলা পরিষদের কর্মচারী শারমিন আকতার।
এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে যেনো আর্থিক বাধা না আসে, সেজন্য জেলা পরিষদ সব সময় সহায়তা দিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকবে। তবে এবছরে এককালীন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা অনেক সময় অর্থের অভাবে বই কিনতে পারে না। টাকার অভাবে কলেজে ফরম পুরন করতে পারে না। আশাকরি যারা এই সহায়তা পাচ্ছে তাদের শিক্ষা ক্ষেত্রে পথ চলায় কিছুটা সহজ হবে। এই বৃত্তি শুধু একটি আর্থিক সহায়তা নয়, বরং এটি একটি প্রেরনা। আমাদের প্রত্যাশা তোমরা আরও মনোযোগ সহকারে পড়াশোনা করবে। সৎ ও আদর্শবান মানুষ হয়ে গড়ে উঠবে এবং একদিন এদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগমান করার লক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) পলাশ মন্ডল বলেন, আমরা সবাই জানি, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর দরিদ্র পরিবারে জন্ম গ্রহন করে যারা ভালো রেজাল্ট করে, তাদের অনেক সময়ই অর্থনৈতিক সঙ্কটে পড়ে যায়। কিন্তু মেধা কখনো দারিদ্র্যের কাছে হার মানতে পারে না। এই বিশ্বাস থেকেই কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে আমরা এই বৃত্তি প্রদান করছি। তিনি আরো বলেন, তোমাদের কষ্টার্জিত সাফল্য একদিন এদেশের সু-নাম বয়ে আনবে। সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক কামনা করেন তিনি।
এছাড়া বৃত্তিপ্রাপ্ত বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থীরা জানান, এই বৃত্তি পেয়ে আমরা খুবই আনন্দিত। আমার পরিবারের অভিভাবক অতি স্বল্প বেতন পেয়েও লেখাপড়ার খরচ বহন করছেন। সে ক্ষেত্রে আজকের এই শিক্ষাবৃত্তি পড়াশোনার কিছুটা হলেও সহজ হবে। এদিকে গাছের চারা পেয়ে অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ রক্ষায় আমাদের সকলকে গাছ লাগানো উচিৎ। সে লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক জেলা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে এটা সত্যিই প্রশংসনীয়।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরে ১৯ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দে অনুকুলে ৩৮৬ জন এসএসসি/সমমান, এইচএসসি/সমমান জিপিএ ৫.০০ প্রাপ্ত ও স্নাতক/সমমান ১ম বর্ষ/২য় বর্ষ ও ৩য় বর্ষের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৫হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com