রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ বেইলারটেক এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তার পাঁচ মাস বয়সী শিশুর ওপর হামলা এবং বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী সোনালী আক্তার (৩৪) রূপগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বের কারণে তার স্বামী রবিউল আওয়ালকে তার সঙ্গে সংসার না করার জন্য চাপ দিয়ে আসছিলেন শ্বশুরবাড়ির লোকজন। তবে তার স্বামী এতে রাজি না হওয়ায় অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দেবর কাওসার মিয়া (২৬), শ্বশুর ইদ্রিস আলী (৫৮), শাশুড়ি সাহিদা বেগম (৫০), শরিফ (৪০)সহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে।
অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে সোনালী আক্তার তার বসতঘরে পাঁচ মাস বয়সী শিশু সন্তান মোহাজীব রহমানকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা পাশের কক্ষে প্রবেশ করে ঘরে থাকা কাপড়ে আগুন লাগিয়ে দেয়।
আগুন দেখতে পেয়ে তিনি শিশুকে কোলে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে উঠানে আসেন। ঠিক তখনই অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, শ্বশুর ইদ্রিস আলীর নির্দেশে কাওসার মিয়া তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। একই সময়ে সাহিদা বেগম তার চুলের মুঠি ধরে মারধর করেন এবং হাতে থাকা ঝাড়ু দিয়ে তাকে ও তার কোলে থাকা শিশুকে আঘাত করেন। এতে মা ও শিশু আহত হন।
তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে। আগুনে ঘরের বালিশ, কাঁথা ও কাপড় পুড়ে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
একইসঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়।
ভুক্তভোগী জানান, কিছুটা সুস্থ হওয়ার পর তিনি থানায় এসে অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com