ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা প্রায় ১৯ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা রোগীরা, যারা প্রয়োজনীয় নেবুলাইজার সেবা পাচ্ছেন না।
জানা যায়, সোমবার বিকেল ৪টা থেকে হাসপাতালের প্রধান ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। যদিও স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ ছিল, কিন্তু ৫০ শয্যার এই হাসপাতালের মূল কার্যক্রম পরিচালিত হয় প্রধান ভবনেই। অপারেশন থিয়েটার, ওয়ার্ড, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রশাসনিক কাজ—সবই বন্ধ হয়ে পড়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে।
সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত একাধিকবার লাইন মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন ইলেকট্রিশিয়ানরা। অন্যদিকে, বিকল্প হিসেবে ব্যবহৃত জেনারেটরটিও যান্ত্রিক ত্রুটির কারণে চালু করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় হাসপাতালে পানির সরবরাহও বন্ধ রয়েছে। এতে রোগীদের টয়লেট ব্যবহার করতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বহিঃবিভাগে আগত রোগীরা বিভিন্ন পরীক্ষার জন্য অপেক্ষা করলেও বিদ্যুৎ না থাকায় সেগুলো করা সম্ভব হচ্ছে না।
ভর্তি রোগী ছাবেদ আলী জানান, “সোমবার বিকেল থেকে বিদ্যুৎ নেই। এখনো আসেনি। নেবুলাইজার করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। পানির সমস্যাও তীব্র।”
হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল আলম বলেন, “বিদ্যুৎ না থাকায় কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না। ইলেকট্রিশিয়ানরা কাজ চালিয়ে যাচ্ছেন।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, “গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। আজ ভোর থেকে আবার কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”
দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের অপেক্ষায় রয়েছে পুরো হাসপাতাল, আর সেই সঙ্গে ভোগান্তি থেকে মুক্তি চাচ্ছেন রোগীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com