কিশোর ডি কস্তা: ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এর সামনে মানববন্ধন ও র্যালি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন।
মঙ্গলবার (৩১ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন খ্রিষ্টান সংগঠন ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইস্টার সানডে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশে এখনো এ দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়নি, যা ধর্মীয় সমঅধিকারের পরিপন্থী।
সংগঠনের সভাপতি নির্মল রোজারিও এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, রমনা চার্জের পাল-পুরোহিত আলবার্ট রোজারিও, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন এর সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর ঘোষ, ঢাকা ক্রেডিট এর সেক্রেটারি মঞ্জু মারিয়া পালমা, এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা এবং মেট্রোপলিটন খ্রিস্টান কো- অপারেটিভ হাউজিংসোসাইটি এর ডিরেক্টর উজ্জ্বল রিবেরু, কল্পনা মারীয়া, সহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হলে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারবেন। তারা সরকারের কাছে দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
এখানে উল্লেখ থাকে যে গত ৩০ মার্চ ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার একটি অনুরোধপত্র প্রদান করা হয়েছে।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয়, যা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com