ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত ১২ জন আহত হয়েছেন। হামলাটি সংঘটিত হয়েছে জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে।
তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এর বরাত দিয়ে জানায়, শনিবার এ হামলার ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২ জরুরি সেবার তথ্যের ভিত্তিতে ৫ জন আহতের খবর দিলেও, পরে আহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আবাসিক এলাকায় আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় অন্তত ১০টি বাড়ি এবং ডজনখানেক গাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ভোর থেকে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব হামলাকে তৃতীয় ও চতুর্থ ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে আরও দীর্ঘস্থায়ী ও সমন্বিত আক্রমণের ইঙ্গিত দিচ্ছে।
এ ঘটনায় এখনো ইসরায়েলি কর্তৃপক্ষ বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com