আত্রাই সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আত্রাই থানা প্রেসক্লাবের পক্ষ থেকে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা এবং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্রাই থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ আসনের নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু সাংবাদিকতা ও এলাকার উন্নয়ন নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, আমি বিশ্বাস করি, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি আপসহীন ব্রত। আপনাদের লেখনীর মাধ্যমেই উঠে আসবে আমাদের এই জনপদের দুঃখ-দুর্দশার কথা, যা আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, আত্রাই-রাণীনগরকে আমি সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়নের এই যাত্রায় দল-মত নির্বিশেষে সবার জন্য আমার দুয়ার খোলা। কৃষকদের মুখে হাসি ফোটাতে এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আমি কাজ করে যাব। আত্রাই থানা প্রেসক্লাব যেন বস্তুনিষ্ঠতার প্রতীক হয়ে এলাকায় সত্যের আলো ছড়িয়ে দেয়, সেই প্রত্যাশা রইল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক মুজাহিদ খাঁন, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক মো. আব্দুল মজিদ মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com