কিশোর ডি কস্তা:“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) হাউজিং সোসাইটির উদ্যোগে সোসাইটির নিজস্ব অডিটোরিয়ামে পালিত হয় নারী দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারী ও কন্যাদের নিরাপত্তা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নারীর প্রতি সহিংসতা বন্ধে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএফএক্স গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার জ্যাকলিন এল গমেজ, আরএনডিএম। হাউজিং সোসাইটির নারী কমিটির আহ্বায়ক মিসেস মায়া মনিকা গাঙ্গুলী ও সচিব মিসেস কল্পনা মারিয়া ফলিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর চেয়ারম্যান ও হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরিফিকেশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও,হাউজিং সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ, ঢাকা ক্রেডিট এর প্রেসিডেন্ট মি. মাইকেল জন গমেজ, মিসেস মার্সিয়া মিলি গমেজ, প্রেসিডেন্ট, ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. ডিউক পি. রোজারিও, সেক্রেটারি মি. পেপিলন হেনরী পিউরীফিকেশন, পরিচালক অর্থ ও প্রশাসন মি. জেমস ডি. রোজারিও, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া ও ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মিসেস মঞ্জু মারীয়া পালমাসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে আসন গ্রহণের পর আনন্দলোকে গান চলাকালীন অতিথিবৃন্দ ও নারী কমিটির নেতৃবর্গ মোমবাতি প্রজ্বলন করেন ও প্রারম্ভিক প্রার্থনা করেন মিসেস শান্তি কোড়াইয়া। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সোসাইটির নারী কর্মীগণ একইসাথে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন নারী কমিটির আহ্বায়ক মিসেস মায়া মনিকা গাঙ্গুলী। তিনি নারীদের অধিকার ও সুরক্ষার বিষয়ে তার সহভাগিতা প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগের সুফল পেতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবেকাজ করতে হবে। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে যথাক্রমে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দরা। আলোচনা শেষে নারী অধিকার ও সামাজিক সচেতনতা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
নারী দিবস উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনার পাশাপাশি ছিল নারীদের অংশগ্রহণে দলীয় নৃত্য, গান, একক নৃত্য, আবৃত্তি ও সব শেষে ছিল বিশেষ আকর্ষণ লটারী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com