আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সিলিন্ডারে বিক্রয়যোগ্য এলপিজি গ্যাসের অবৈধ মূল্যবৃদ্ধি ও অনিয়ম ঠেকাতে খুলনা মহানগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন, রিজওয়ানুর রশিদ এবং মো. মেহেদী হাসান। তাদের নেতৃত্বে গঠিত তিনটি পৃথক টিম পুলিশ, আনসার বাহিনী এবং বিএসটিআই-এর সমন্বয়ে মহানগরীর সদর থানা, খালিশপুর থানা, বয়রা, সোনাডাঙা, নিরালা ও গল্লামারী এলাকার বিভিন্ন দোকান ও গ্যাস বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে।
অভিযানকালে বেশ কয়েকটি দোকানে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়কৃত গ্যাসের পাকা রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী ছয়টি দোকানের বিক্রেতাকে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com