ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে গলাকেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ৫ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এসময় তাদেরকে “ইবিতে রক্ত কেন, প্রশাসন জবাব চাই”, “আমার ম্যাম হত্যা কেন, প্রশাসন জবাব চাই”, হত্যাকারীর বিচার, করতে হবে করতে হবে”, “জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস”, “বছরে বছরে মানুষ খুন, ইবি ক্যাম্পাসের অনেক গুণ”, “দড়ি লাগলে দড়ি নে, হত্যাকারীর ফাঁসি দে”, ”ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই” হত্যাকারীর ফাঁসি চাই ” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, হত্যাকারীর প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দাবিতে আমাদের এই মানববন্ধন। আমরা চাই, যত দ্রুত সম্ভব হত্যাকারীর সুষ্ঠু বিচার করে তাকে ফাঁসি দেওয়া হোক। আর হত্যায় কারা জড়িত সুষ্ঠু তদন্ত, অস্থায়ী নিয়োগ বন্ধ, বহিরাগত নিষিদ্ধ এবং ইউজিসি’র মাধ্যমে কর্মচারী নিয়োগ দিতে হবে।
সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, আমি একজন মানুষ হিসেবে বলতে চাই, যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে তার সুষ্ঠু ও প্রকাশ্য বিচার চাই। আর যদি আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, তবে আমারও বিচার করা হোক।
উল্লেখ্য, বুধবার বিকালে নিজ অফিসকক্ষে বিভাগের সাবেক কর্মচারীর ছুরিকাঘাতের পর সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com