পবিত্র মাহে রমজান উপলক্ষে “লিভার কেয়ার সোসাইটি”র উদ্যোগে ০২ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রাম ক্লাবে একটি ইফতার ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।
সোসাইটির কোষাধ্যক্ষ ডা. মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ লিভার কেয়ার সোসাইটির কার্যক্রম তুলে ধরেন এবং চট্টগ্রামে লিভার রোগীদের সুলভমূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষায়িত “লিভার কেয়ার সোসাইটি হাসপাতাল ও মেডিকেল কমপ্লেক্স” প্রতিষ্ঠায় সরকারের নীতিনির্ধারকদের সুদৃষ্টি কামনা করেন। তিনি বলেন, প্রতি বছর লিভার রোগের চিকিৎসায় দেশে প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এবং অসংখ্য রোগী চিকিৎসার জন্য বিদেশে গিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করছেন। লিভার রোগের চিকিৎসায় এই ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে উঠলে চিকিৎসা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে।
প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে লিভার রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আজীবন সদস্য অধ্যাপক তারেক আল নাসির, অধ্যাপক শেখ মোহাম্মদ হাসান মামুন ,কাজী মোহাম্মদ মহসিন চৌধুরী, মো: কামরুল ইসলাম হোসাইনী ও মিসেস হাসিনা আক্তার লিপি ।
ইফতার ও আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, চিকিৎসক, লিভার রোগী, কেয়ারগিভার এবং সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com