ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌরসশহরের আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, মো. রতন মিয়া (৫০)। তিনি আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
অভিযুক্তরা হলেন- তার ভাই মিলন মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই সামির মিয়া (১৮)।
নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজাদের মধ্যে মামলা ও বিরোধ চলছিল। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষরা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। বিকাল সাড়ে ৪টার দিকে রতন মিয়া পাশের বিলে জমিতে কাজ করার সময়, অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে সেখানে গিয়ে তাকে অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করার পর হামলাকারীরা জমির আগাছা পরিষ্কারের কাঁচি দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে। গুরুতর আহত করে তারা তাকে ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায়, কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
স্থানীয় পৌর কমিশনার মো. আবু সায়িদ জানান, জমিজামা নিয়ে দীর্ঘদিনের বিরোধে তাদের নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে, তবে স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com