মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে চারজনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ি। এসময় তার সঙ্গে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
অভিযানকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটির উপরিস্তর কেটে পরিবহন করার সময় চারজনকে আটক করা হয়। আটকরা হলেন জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারায় ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ি বলেন, অননুমোদিতভাবে ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন এবং এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com